জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে তিস্তার তীরবর্তী ১১টি পয়েন্টে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এরই ধারাবাহিকতায় কাউনিয়া তিস্তা রেলপয়েন্ট সেতুর কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
জানা গেছে আগামীকালের কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কাউনিয়া উপজেলা সহ বিভিন্ন যায়গায় লোকজনকে উদ্বুদ্ধ করতে কয়েকদিন ধরে চলছে সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, পদযাত্রা, মাইকিং, ব্যানার ও ফেস্টুনসহ নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রম।
বর্ষা মৌসুমে বন্যা, নদী ভাঙন আর শুষ্ক মৌসুমে পানি না থাকায় তিস্তা নদীর প্রায় ১১৫ কিলোমিটার এখন ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের একতরফা নদী শাসননীতির কবলে পড়ে বসন্তেই যৌবন হারিয়ে মরতে বসেছে এক কালের প্রমত্তা তিস্তা নদী। তিস্তা নদীর পাড়ে এখন নেই মাঝিমাল্লা বা জেলেদের হাঁকডাক। প্রায় অকেজো হয়ে পড়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ। তিস্তা নদীর মূল গতিপথ এখন বালুর স্তূপে পরিণত হয়েছে।