


বাংলাদেশ ক্রিকেট দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্ন নিয়ে গিয়েছিল, কিন্তু হতাশা নিয়েই ফিরতে হচ্ছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তবে সেই স্বপ্ন খুব দ্রুতই ভেঙে গেছে। একটিও ম্যাচ জিততে পারেনি টাইগাররা, সেমিফাইনালের আগেই ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে।
আজ পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এতে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেয়। ফলে বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় হয়ে আসর শেষ করেছে, স্বাগতিক পাকিস্তান তালিকার চারে।
অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়ে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো তবে প্রায় ৩০ কোটি টাকা পেত। কিন্তু ম্যাচ না জেতার পরও কিছু অর্থ পুরস্কার হিসেবে পাচ্ছে। আইসিসির নিয়ম অনুযায়ী অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ১.৫ কোটি টাকা। বাংলাদেশ সপ্তম হলে পাবে ১.৬৯ কোটি টাকা। বাংলাদেশ ষষ্ঠ হলে পাবে ৪.২২ কোটি টাকা।
এখন সবকিছু নির্ভর করছে ইংল্যান্ডের পরবর্তী ম্যাচের ওপর। যদি ইংল্যান্ড হারে, তাহলে বাংলাদেশ ষষ্ঠ হয়ে ৪.২২ কোটি টাকা পাবে। আর ইংল্যান্ড জিতলে বাংলাদেশ থাকবে সপ্তম স্থানে, ফলে ১.৬৯ কোটি টাকাই হবে প্রাইজমানি। এবার চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭.৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১৩.৮ কোটি টাকা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় এবার প্রাইজমানি ৫৩% বেশি রাখা হয়েছে।