


বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় (ডিসিএ), রংপুর-এর বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ মে) সকালে সিএজি কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপি এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগের ডিসিএ মোহাম্মদ শাহজাহান, এফসিএস, সিপিএফএ।
বিশেষ সেবা কার্যক্রম-এ রয়েছে সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক ওয়ান স্টপ সার্ভিস প্রদানের ব্যবস্থাসহ প্রি-অডিট বিল নিষ্পত্তি, বেতন নির্ধারণ, পেনশন কেইস নিষ্পত্তি, লাইফ ভেরিফিকেশন, পারিবারিক পেনশন নিষ্পত্তিকরণ, পেনশন প্রতিস্থাপন, প্রতিবন্ধি পেনশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপস ব্যবহার, নশনারের বিভিন্ন তথ্য সংশোধন বা পরিবর্তন, সামারি বিল দাখিল, জিপিএফ খোলা ও জিপিএফ-এর তথ্যাদি সংশোধন বা পরিবর্তন এবং আইবাস সেবাসমূহ সম্পর্কে পরামর্শ ও সেবা প্রদান। বিশেষ এই সেবা কার্যক্রম চলবে আগামী ১৫ মে পর্যন্ত।
বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমে আসা সেবাগ্রহীতা প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রবি শঙ্কর মণ্ডল বলেন, পেনশন সংক্রান্ত কাজে এসেছিলাম। আসামাত্রই তড়িৎগতিতে সংশ্লিষ্টরা সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান পূর্বেও এই কার্যালয়ে ভালো মানের সেবা পেয়েছেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ডিসিএ কার্যালয়ে লাইফ ভেরিকেশন সংক্রান্ত কাজে এসছিলাম। আসার এক মিনিটের মধ্যেই আমার কাজ সম্পন্ন হয়েছে এবং আমাকে কফি ও বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হয়েছে। সত্যিই এ যেন এক ভিন্ন সরকারি অফিস।
ডিসিএ মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা সারা বছর ধরে সেবাগ্রহীতাদের সিটিজেন চার্টার অনুসারে বিভিন্ন সেবা প্রদান করে থাকি। বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আমাদের সেবাসমূহ অধিকতর আন্তরিকতার সাথে তাৎক্ষণিক ওয়ান স্টপ সার্ভিস-এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। সারা বছর ধরে আমরা যাতে একই রকম সেবা প্রদান করতে পারি বিশেষ সেবা কার্যক্রম তার জন্য নিয়ামক হিসাবে কাজ করবে।