


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তির নাম নুরুল ইসলাম (৫৮)। সোমবার (২৬ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় তার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের জবেদ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক নুরুল ইসলাম একজন মাদক কারবারি। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।এসময় তার বসত ঘরের পেছনে অভিনব কায়দায় চাষ করা একটি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তাকে আটক করে পুলিশ। কাঁচা গাছটির ওজন প্রায় ২০ কেজি। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-হেলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।