1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে বিলুপ্ত হচ্ছে পুষ্টিতে ভরপুর সুস্বাদু কাউন চাষ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে বিলুপ্ত হচ্ছে পুষ্টিতে ভরপুর সুস্বাদু কাউন চাষ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

সরকারি উদ্যোগ ও বাজার উৎসাহ না থাকায় দিনাজপুরের ঘোড়াঘাটে বিলুপ্ত হয়ে যাচ্ছে এক সময়ের পুষ্টিতে ভরপুর সুস্বাদু ফসল কাউন চাষ।

 

কাউন বা ফক্সটেল মিলেট যার বৈজ্ঞানিক নাম সেটারিয়া ইতালিকা। এর চাল দিয়ে এক সময় গ্রাম ও শহরের মানুষ বিভিন্ন রকমের মুখরোচক পিঠা, খীর, পায়েস, খিচুরীসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করতো। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে এ নামটি যেনো ইতিহাসের কোনো এক ফসলের নাম । নতুন প্রজন্মের কাছে বিজ্ঞানভিত্তিক কৃষি চাষ ও কৃষিতে অধিক ফলনের বিভিন্ন আধুনিক ফসল আশায় কাউন চাষের প্রতি কৃষকরা দিনদিন নিরুৎসাহিত হচ্ছে।

 

সময়ের ক্রমাগত পরিবর্তন ও প্রযুক্তির উৎকর্ষ কাউনের চাষকে পেছনে ফেলে নিয়ে এসেছে বছরে তিন-চার ফসলি উৎপাদন। নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি ধরে রাখতে কাউন চাষের প্রতি মনোযোগ বাড়ানো দরকার বলে অনেক কৃষক মনে করছেন। অধিক পুষ্টি, স্বল্প খরচ, সহজ চাষ পদ্ধতি ও পানি সাশ্রয়ী হওয়া সত্যেও গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা কাউন ফসলটি আজ প্রায় বিলুপ্তির পথে। এক সময় প্রচুর কাউন চাষ হতো। আবার গরিবের প্রধান খাদ্যও ছিল এ কাউন। দিনের পর দিন মানুষের খাদ্যাভাস পরিবর্তনের পাশাপাশি মানুষের অবস্থারও পরিবর্তন ঘটেছে। ফলে এখন আর সেভাবে এসব অঞ্চলে কাউন চাষ হয় না। কালের আবর্তে কাউন চাষ হারিয়ে গেলেও নিজেদের খাওয়ার জন্য এ উপজেলার চর এলাকাসহ বিভিন্ন অঞ্চলে কাউন চাষ করা হচ্ছে। এর চালের ভাত খেতে খুবই সুস্বাদু। ছোট দানাবিশিষ্ট কাউন চালের পায়েসের স্বাদ দারুণ। এ ছাড়া এ চাল দিয়ে নানা ধরনের খাবারও তৈরি করা যায়। মিষ্টান্ন পায়েস, ক্ষির ও ঝাল খাবার হিসেবে খিচুরি, পোলাও রান্নায় কাউন চাল এখন ধনীদের প্রিয় খাবার। বর্তমান প্রজন্মের কাছে কাউন সম্পূর্ণভাবে অপরিচিত নাম।

 

কাউন নিয়ে উপজেলার সোনারপাড়া গ্রামের কৃষক আব্দুল আলীমের সাথে কথা হলে তিনি বলেন, দেশী জাতের এ ফসলটিকে আমাদের স্বার্থেই সংরক্ষণ করা উচিত। তা না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না কাউন নামটির কথা। কাউন নামের এ ফসলটি যাতে বিলুপ্ত না হয়ে যায় এ জন্য সরকারি সহযোগিতাসহ সবার এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করছেন।

 

বিষয়টি নিয়ে উপজেলার ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমি ছোটকাল থেকেই জেনে এসেছি বহু গুণে গুণান্বিত কাউন শুধুমাত্র সুস্বাদু ও মুখরোচক খাবার নয়, এটি ভিটামিন ও মিনারেলের অভাবসহ খারাপ কোলেস্টরল ও কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত চাপ কমায়। এছাড়াও কাউনের চালে কম গ্লাইসেমিক ইনডেক্স থাকার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কাউন বা ফক্সটেল মিলেট একটি শুষ্ক সহনশীল ও কম খরচের শস্য। বন্যা বা দুর্ভিক্ষের সময় চরবাসীর ভরসা ছিল এ ফসল। ধানের তুলনায় কম পানি ও সার লাগে বলে দরিদ্র কৃষকরা সহজে এটি চাষ করতেন। ভাতের বিকল্প হিসেবে এটি খাওয়া হতো। এবার ঘোড়াঘাট উপজেলায় ০.২ হেক্টর জমিতে কাউন চাষ হয়েছে। এর মধ্যে অনেক জমিতে কাউনের সাথে সাথি ফসল হিসেবে অন্য ফসলের চাষ করা হয়েছে।

 

বিষয়টি নিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামান জানান, আগে বন্যার কারণে ধান হতো না। তখন কাউনই ছিল ভাত। এখন হাইব্রিড ধান, ভুট্টাসহ নানা জাতের ফসল আশায় সেই স্বাদ অনেকটাই ভুলে গেছে বর্তমান প্রজন্মের মানুষ। তবে কাউন পুরোপুরি হারিয়ে যায়নি। বর্তমানে এটি পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন পাখিপ্রেমীরাই কাউনের বড় ক্রেতা। এক সময়ের নিত্যপ্রয়োজনীয় শস্য আজ পরিণত হয়েছে প্রান্তিক পণ্যে, সংস্কৃতি ও অর্থনীতির দিক থেকেও। আমরা চেস্টা চালিয়ে যাচ্ছি যাতে কাউন তার হারানো গৌরব ফিরে পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )