


কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ। এর আগে রবিবার রাতে উলিপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।
সেনা সুত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, চার হাজার নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে।