


‘এ্যালা মুই কেমন করি বাঁচিম? এ কেমন অন্যায় মোর সাথে হইল। ছোট ছাওয়াগুলাক কায় খাওয়াইবে, পড়াইবে? মোর নির্দোষ স্বামীক কেন মারিল? বেটিটার বিয়ার কি হইবে? মুই কার কাছোত বিচার চাইম?’—বুক ছাপড়ে আহাজারি করতে করতে অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিলেন ভারতী দাস। গত শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় বাসিন্দাদের একটি ‘ভুল’ সন্দেহে তার গোছানো সংসারের সবকিছু যেন মাটিতে মিশে গেছে। চোর সন্দেহে তার স্বামী রুপলাল দাস ও ভাগ্নে জামাই প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই শোকে দিশেহারা ভারতী দাস। অথচ রবিবার তার বাড়িতে মেয়ে নুপুরের বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা ছিল।
কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাওয়া ভারতী দাসের চোখ লাল হয়ে গেছে। সন্তানদের বুকের সঙ্গে জড়িয়ে গলা ভাঙা কণ্ঠে ডুকরে ডুকরে কাঁদছেন তিনি। তাদের চোখে মুখেও অবুঝ আতঙ্ক, কিন্তু বোঝার মতো বয়স হয়ে গেছে যে তাদের বাবা আর ফিরবেন না। গতকাল রবিবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামে গিয়ে দেখা যায়, রুপলাল দাসের বাড়িতে চলছে আহাজারি, মাতম। দলে দলে আশপাশের গ্রামের লোকজন ও প্রতিবেশীরা বাড়ির ভেতরে-বাইরে ভিড় করছে।
রুপলাল দাস ঘনিরামপুর গ্রামে চার শতক জমির ওপর বাঁশের টিনের বেড়া ঘেরা দুটো টিনের চালা তুলে বসবাস করে আসছিলেন। সেই ছোট্ট টিনের ঘরটিতে সকাল থেকেই কান্নার শব্দ থামছে না। কারণ রুপলাল দাসই ছিল অসহায় এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার উপার্জনে চলত বৃদ্ধ মা, স্ত্রী আর তিন সন্তানসহ ছয় সদস্যের সংসার। শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত রুপলালের ঘরে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের প্রস্তুতি। ছিল বড় মেয়ে নুপুরের বিয়ের দিনক্ষণ ঠিক করা নিয়ে ব্যস্ততা। বাকি দুই ছোট ছেলে-মেয়ের ভবিষ্যৎ নিয়েও স্বপ্ন দেখতেন রুপলাল। কিন্তু শনিবার রাতের একটি ভুলই রুপলালের পরিবারের স্বপ্ন ভঙ্গ করে দিলো।
বাড়ির উঠানে দাঁড়িয়ে কাঁদতে থাকা বড় মেয়ে নুপুর (১৮) যেন নির্বাক হয়ে গেছেন। তার চোখে জল, ঠোঁটে ক্ষোভ। গলায় বুকভাঙা আহাজারি। চারপাশ ফ্যালফ্যাল করে তাকিয়ে বলছিলেন— ‘অ্যালা কায় মাও কয়া ডাকপে? হামরা যে এতিম হয়া গেইনো। হামাক নিঃস্ব বানাইল।’
নুপুর বলেন, ‘আজ (রবিবার) আমার বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা। এ জন্য প্রদীপ দাদা আমাদের বাড়িতে আসতে ছিল। রাস্তা না চেনায় বাবা দাদাকে কাজীরহাট থেকে আনতে যায়। সেখান থেকে প্রদীপের ভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে বটতলায় লোকজন আটক করে মারধর করে। খবর পেয়ে রাতে বুড়িরহাট গিয়ে বাবা-দাদার রক্তাক্ত দেহ শনাক্ত করি।
গ্রামের প্রবীণ জয়নাল আবেদীন বলেন, রুপলাল দীর্ঘদিন তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করতেন। সে কখনো কারও সঙ্গে খারাপ কথা বলেননি। এইভাবে মানুষ মারা — এটা অমানবিক। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার।
কুর্শা ইউনিয়ন সদস্য (মেম্বার) তুহিনুর ইসলাম বললেন, ওর (রুপলাল) মেয়ের বিয়ের কথা ছিল। তাকে মেরে ফেলায় এই পরিবার এখন পুরো অসহায়। আল্লাহ্ জানেন তাদের সংসার কেমন চলবে।
এদিকে রবিবার সন্ধ্যায় রংপুর-দিনাজপুর মহাসড়কে রুপলালের মরদেহ রেখে বিক্ষোভ করে এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ বাড়িতে আনার পর তা মহাসড়কের বেলতলী এলাকায় রেখে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই ধারে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় সমাজসেবক সাবু খান বলেন, ‘রুপলাল নিরপরাধ। তাকে মিথ্যে অপবাদ দিয়ে মেরে ফেলা হয়েছে। সে বাঁচার জন্য অনেক আকুতি করেছে। তাকে পুলিশ-সেনাবাহিনীকে দেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু কেউ তার কথা শোনেনি। তাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’
ঘনিরামপুর এলাকার বাসিন্দা নান্নু মিয়া বলেন, ‘আমরা রুপলাল হত্যার বিচার চাই। আসামিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে; যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস না পায়।’
তারাগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে রুপলাল দাস ও প্রদীপ দাসের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আতে হবে।’ পরে পুলিশ, সেনাবাহিনী ও ইউএনও’র আশ্বাসে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভ প্রত্যাহার করে এলাকাবাসী।
রংপুরের তারাগঞ্জ বাজারে জুতা সেলাই (মুচির কাজ) করে বৃদ্ধা মাসহ স্বামী-স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে চলতো রুপলাল দাসের সংসার। তিল তিল করে কিছু টাকা জমিয়েছেন বড় মেয়ে নুপুর দাসের বিয়ে দেবেন বলে। বিয়ের কথাবার্তাও চলছিল। দিন-তারিখ ঠিক করার জন্য মিঠাপুকুরের বালুয়াভাটা গ্রাম থেকে নিজে ভ্যান চালিয়ে বাড়িতে আসছিলেন ভাগ্নি জামাই প্রদীপ দাস। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না ঠিকমত না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রুপলালকে ফোন করেন। শনিবার রাত ৯টার দিকে রূপলাল সেখানে পৌঁছে দু’জনে ওই ভ্যানযোগে বাড়ির দিকে রওনা হন। তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে এলাকার লোকজন গণপিটুনিতে মেরে ফেলেন দু’জনকেই। ছয় সদস্যের একমাত্র উপার্জনক্ষম রুপলাল দাসের মৃত্যুতে মেয়ের বিয়েসহ সব স্বপ্ন যেন মাটিতে মিশে যায়।
নিহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুপলাল দাসের মেয়ে নুপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার লালচাদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। রোববার বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ জন্য শনিবার মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে ভাগ্নি জামাই প্রদীপ দাস তারাগঞ্জের রুপলাল দাসের বাড়ির দিকে রওনা হন। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রুপলালকে ফোন করেন। সেখানে রুপলাল গিয়ে দু’জনে ভ্যানে চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে আসছিলেন। রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে তাদের দু’জনকে থামান স্থানীয় কয়েকজন। এর পর সেখানে লোক জড়ো হতে থাকে। একপর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে চারটি প্লাস্টিকের ছোট বোতল বের করেন লোকজন। এর একটি বোতল খুললে ভেতরে থাকা তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান।
এতে লোকজনের সন্দেহ আরও বাড়ে। এর পর অজ্ঞান করে ভ্যান চুরির সন্দেহে তাদের মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে অচেতন হলে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ফেলে রাখা হয়। পরে রাত ১১টার দিকে উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদের। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুপলাল দাসকে (৪০) মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনিও মারা যান।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, গণপিটুনিতে দু’জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত রুপলাল দাসের স্ত্রী ভারতী দাস বাদী হয়ে অজ্ঞাত ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। কিছু আলামত পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাইসহ তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তিনি।