


কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিলিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া গোদ্ধারের পাড় বিলের কচুরী পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপন প্রধানীর সৎভাই তালহাকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।স্বপন প্রধানী পৌরসভার সাতানী এলাকার বাসিন্দা।
যে ভবনটিতে হলিকেয়ার ক্লিলিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেটির নাম লেকসিটি। ওই লেকসিটি নামের ভবনটির মালিক তিনি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমিটি কিনে লেক সিটি বানান স্বপন প্রধান। তাঁর পরিবারে স্কুলশিক্ষক স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে রয়েছে।
শনিবার সকালে ভবনের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, লেকসিটি ভবনের পূর্ব পাশে বিল লাগোয়া একটি গোল ঘর রয়েছে, যেখানে স্বপন প্রধানী মাঝে মাঝে বসতেন। পাশেই পানিতে কচুরিপানার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে তাঁর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।