


সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবার হোঁচট খেয়েছে। ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ড্র করেছে বাংলার মেয়েরা। সাফে বয়স ভিত্তিক পর্যায়ে ভুটান এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেল।
আজ ভুটানের চাংলিমিথাংয়ে ম্যাচের ৬ মিনিটে বাংলাদেশ লিড নেয়। পূর্ণিমা মারমা বক্সের উপর জোরালো শটে গোল করেন। শুরুতে বাংলাদেশ এগিয়ে গিয়ে স্বাগতিক দলের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। গত ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি আজ প্রথমার্ধেই জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন। তার একটি শট পোস্টে লেগে ফেরত আসে। আরেকবার ফিনিশই করতে পারেননি।

স্বাগতিক ভুটান প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা আনে। ভুটানী ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের দিকে এগুতে থাকেন। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণী পোস্ট থেকে বেরিয়ে আসেন। তার পাশ দিয়ে বল জালে ঠেলেন ভুটানী ফরোয়ার্ড। এতে ১-১ সমতায় দুই দল ড্রেসিংরুমে ফেরে।

দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী ফুটবলে দাপট দেখিয়ে চলছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় সাফ অ-২০ নারী চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র দলের পাশপাশি অ-২০ নারী দলও এশিয়া কাপ নিশ্চিত করেছে। মাস দু’য়েকের মধ্যে নারী দলের এই সাফল্যের মধ্যে সাফ অ-১৭ দল নিয়েও ছিল চ্যাম্পিয়নের প্রত্যাশা। পাঁচ ম্যাচে ইতোমধ্যে ৫ পয়েন্ট হাতছাড়া হওয়ায় শিরোপা স্বপ্ন এখন শেষের পথে।