


মূল পর্বে জায়গা করে নেওয়ার প্রত্যয় নিয়েই অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ দল। তবে তা হয়নি। প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত হয়ে লাল-সবুজের দলের। সিঙ্গাপুরের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ। এ ম্যাচে অবশ্য জ্বলে ওঠেছিল বাংলাদেশ, প্রতিপক্ষকে হারিয়েছে ৪-১ গোলে। তবে এমন জয়ের পরও মূল পর্বের টিকিট নিশ্চিত করতে না পারায় সমর্থকদের কাছে দুঃঅখ প্রকাশ করেছেন মোরছালিন।
সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে দশ মিনিটের ঝড়ে জয়ের পথ খুঁজে নেয় লাল-সবুজের দল। চার গোলের বিশাল জয় পায় মোরছালিনরা।
তবে এমন জয়ের পরও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মোরছালিন। কারণ তারা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেননি। তিনি বলেন, ‘আমাদের ভেতরে অনেক কষ্ট জমা ছিল। এই ম্যাচ জেতায় কিছুটা কষ্ট কমেছে। তবে বাংলাদেশি দর্শকদের আমি সরি বলতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতাও জানাচ্ছি, খারাপ সময়ে আমাদের পাশে ছিলেন তাঁরা। এবার আমরা কোয়ালিফাই করতে পারিনি। আশা করি, সামনে পারব।’
সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচে গোল পেয়েছেন ইতালিপ্রবাসি ফুটবলার ফাহামিদুল ইসলাম। তবে গোল পেলেও খুশি নন তিনি। ফাহামিদুল বলেন, ‘ভালো লাগছে, তবে আমি খুশি নই, কারণ, আমরা কোয়ালিফাই করতে পারিনি। এটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ, এই দলের সেটা (মূল পর্বে খেলা) প্রাপ্য ছিল।’