


রংপুরের পীরগাছায় বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি আয়োজিত ২০২৪ সালের বেসরকারি বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে নেকমামুদ আপডেট পাবলিক স্কুল। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তারা বাজারস্থ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় এবং স্কুল সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মেদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিয়া, নেকমামুদ আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা নিজাম উদ্দিন জাহাঙ্গীর, আল হেলাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ইস্রাফিল আলম হেলালী, প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ ও সহকারী শিক্ষক জিয়াউর রহমান এবং শাহানা আক্তার সুমি।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ৪৯ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪২ জন শিক্ষার্থীকে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।