


দিনাজপুরের ঘোড়াঘাটে শালিকাদহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোচিং সিন্ডিকেট চালানোর অভিযোগ সংক্রান্ত একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক-পরিচালনা পরিষদ। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি কথিত সাংবাদিক ফাহিম হোসেন রিজু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ “২৪ ঘন্টা ঘোড়াঘাট”-এর মাধ্যমে বিদ্যালয়েই কোচিং সিন্ডিকেট! বিশেষ ক্লাশের নামে হাজার হাজার টাকার কারবার শিরোনামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে বিদ্যালয়ের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, বিদ্যালয়ে কোনো জোরপূর্বক কোচিং বাণিজ্য বা শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনা ঘটেনি। অভিভাবক ও কমিটির মতামতের ভিত্তিতে রেজুলেশন করে ক্লাস শুরুর আগে অতিরিক্ত পাঠদান দেওয়া হয়। তিনি আরও জানান, কথিত সাংবাদিক রিজু বিদ্যালয়ের সঙ্গে কোনো ভাবেই সংশি¬ষ্ট নন তিনি কোনো শিক্ষার্থী, অভিভাবক কিংবা কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি নন। অথচ তিনি অনুমতি ছাড়া ক্লাসরুম ও কমনরুমে প্রবেশ করে ভিডিও ধারণ করেন, যা অনেক শিক্ষার্থীকে অস্বস্তিতে ফেলে।
এ সময় তিনি গনমাধ্যম ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সত্য ঘটনা তুলে ধরা হোক। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সদস্য এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।