


দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে উদ্বোধন করা হয়েছে ইসলামী ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রানীগঞ্জ বাজারে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক আব্দুর রহমান শরিফুল জানান, এখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগের পরীক্ষার সুবিধা রয়েছে। পাশাপাশি পুষ্টি পরামর্শ ও নিয়মিত চিকিৎসা সেবাও প্রদান করা হবে। তিনি আরও বলেন, ঘোড়াঘাটের জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
এ সময় ঢাকা মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের ডা. মাসুদ রানা বলেন, আমাদের লক্ষ্য হলো ঘোড়াঘাটসহ আশপাশের মানুষ যেন শহর বা রাজধানীতে না গিয়ে এখানেই সঠিক ও মানসম্মত চিকিৎসা সেবা পান। আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দিয়ে আমরা সেবার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে ডা. মো. ইমরুল কায়েস জীম, ডা. নাজমুস সায়াদ সোহাগ, ডা. রেজওয়ানা সাকী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।