


ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে ফেরার ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে নায়িকা হিসেবে নয়, এবার প্রযোজক হিসেবে শোবিজ অঙ্গনে নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি।
এর আগে পপি কিছু ছবি প্রযোজনা করেছিলেন, যার মধ্যে মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে ২০ লাখ টাকা লোকসান হয়েছিল বলে তিনি জানান। এই লোকসানের কারণ হিসেবে তিনি টিমের অসহযোগিতাকে দায়ী করেন।
পপি ২০২০ সালে সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। এরপর একেবারে আড়ালে চলে যান। পাঁচ বছর আড়াল জীবনযাপনের পর এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি। আড়াল ভাঙার পর জানা যায়, পপি বিয়ে করে পুরোদস্তুর সংসারী। তিনি এক পুত্রসন্তানের মা।
১৯৯৭ সালে ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেন।