


তামিলনাড়ুর করুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর পর বোম হামলার আতঙ্কে রয়েছেন সদ্য রাজনীতি নাম লেখানো দক্ষিণী অভিনেত্রী থালাপতি বিজয়। চেন্নাই পুলিশের কাছে অজ্ঞাত এক ফোন কলে দাবি করা হয়, চেন্নাইয়ের নেলানকেড়া অঞ্চলে অভিনেতার বাড়িতে বোমা রাখা আছে। এ খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তেই চাঞ্চলের সৃষ্টি হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তির ফোন কলের পর অভিনেতার বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশে ফোন কলের পর বম্ব ডিসপোজ়াল স্কোয়াড নিয়ে তৎক্ষণাৎ অভিনেতার বাড়িতে পৌঁছায়। তবে অভিনেতা বাড়িতে রয়েছেন কি না সেটা জানা যায়নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। অনেকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন।পদদলিত হয়ে মৃতের ঘটনায় প্রতিটি পরিবারকে ২০ লক্ষ রুপি (বাংলাদেশ মুদ্রায় ২৭ লাখ) ও আহত পরিবারকে ২ লক্ষ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেন বিজয়।

এদিকে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। ইতিমধ্যেই বিজয়ের দলের তিন শীর্ষনেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বিজয়কে গ্রেফতার করা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্য দিকে, পদপিষ্টের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজয়ের দল। একই দাবি তুলেছেন তামিলনাড়ুর সাবেক বিজেপি সভাপতি কে আন্নামালাইও। তবে একই সঙ্গে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব গোটা ঘটনার জন্য ডিএমকে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছে।