


আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবে এরইমধ্যে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন আসিফ নজরুল বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কী, অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন, তা ছিল কেবল তাত্ত্বিক আলোচনা। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই।
আইন উপদেষ্টা আরও বলেন, আমরা সবাইকে নিয়ে শান্তিতে ও নিরাপদে বাস করতে চাই। এখানে পাহাড়ি, বাঙালি বলে ভেদাভেদের যে দেয়াল তুলে দেওয়া হয় সেটা ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর পেছনে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নেবে।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, পূজা পালনে অপশক্তির নানা ধরনের ষড়যন্ত্র থাকবে। আমরা এসব বিষয়ে সতর্ক। সারা দেশে দুর্গোৎসব আনন্দের সাথে পালিত হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।
এসময় আইন উপদেষ্টার সঙ্গে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব লিমন শাহা কানুসহ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।