


দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজালুল আনাম রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দিনব্যাপী সেতাবগঞ্জ পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত তিনি পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সকালে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-কর্মচারীদের সাথে দেখা করেন। দুপুরের পর থেকে সেতাবগঞ্জ বাজার, কলেজ মোড়, থানা মোড় ও চৌরাস্তার আশপাশের এলাকায় দোকানপাটে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন চান।
গণসংযোগকালে আফজালুল আনাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে চাই। সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও কৃষিখাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করবো।তিনি আরও বলেন, বোচাগঞ্জ-বিরল এলাকার সড়ক যোগাযোগ, চিকিৎসা সেবা ও শিক্ষার মান উন্নয়নই আমার মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর আমির মাসুম বিল্লাহ, উপজেলা কর্মপরিষদের সদস্য মমিনুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিরাজ প্রমুখ। স্থানীয়রা জানান, আফজালুল আনামের গণসংযোগে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনগণের উচ্ছ্বাস ও অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়— চায় ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।