


দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুনিল মুরমু (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৮ টায় উপজেলার রাণীগঞ্জ বাজারের নওরীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুনিল মুরমু উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ওসমানপুরের নন্দনপুর এলাকার মৃত ময়েন মুরমু ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনিল মুরমু সন্ধ্যার দিকে নওরীন ফিলিং স্টেশন সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চাল বোঝাই অবস্থায় থাকা একটি ট্রাক (পিরোজপুর-ট ১১-০৩৪৪) তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তার শরীরের বাম হাত ছিঁড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ট্রাকটি আটক করে রাখেন। এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।