

কুড়িগ্রামের রৌমারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল কবির। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে জনগণের সহযোগিতা ছাড়া শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক নাগরিক যদি আইন মেনে চলে, তাহলে সমাজ আরও নিরাপদ হয়ে উঠবে।
ওসি সেলিম মালিক তার বক্তব্যে বলেন, নিরাপদ রৌমারী গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সভায় অংশ গ্রহণকারীরা এলাকায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। পুলিশের কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। সভা সঞ্চালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ।