


চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ইন্টারনাল মেডিসিন— যা মানুষের সামগ্রিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সমন্বিত চিকিৎসা পদ্ধতি নিশ্চিত করে। এই গুরুত্বপূর্ণ চিকিৎসা শাখার অবদান তুলে ধরতে মঙ্গলবার (২৮ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজে পালিত হয়েছে ‘ইন্টারনাল মেডিসিন ডে ২০২৫’।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম)-এর উদ্যোগে এবং রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ ও বিএসএম রংপুর শাখার যৌথ আয়োজনে আলোচনা ও সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মোখলেসুর রহমান সরকার। গেস্ট অব অনার হিসেবে ছিলেন বিএসএম রংপুর শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম মন্ডল। প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. সফিউল আলম। তিনি বলেন, “বর্তমান সময়ে চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোগ নির্ণয়ের সঠিকতা ও দ্রুততা নিশ্চিত করা। ইন্টারনাল মেডিসিন চিকিৎসকদের মূল লক্ষ্য হচ্ছে রোগের মূল কারণ নির্ণয় করে রোগীকে দীর্ঘমেয়াদে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি অসুস্থতা প্রতিরোধে ইন্টারনাল মেডিসিন চিকিৎসকদের ভূমিকা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সময় এসেছে রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়ার।”
বক্তারা বলেন, ইন্টারনাল মেডিসিন এমন একটি শাখা যেখানে চিকিৎসককে রোগীর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সমন্বিত কার্যপ্রণালী বুঝতে হয়।
এটি শুধুমাত্র শারীরিক রোগ নয়, বরং রোগীর জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও সামাজিক অবস্থারও মূল্যায়ন করে। এই কারণে ইন্টারনাল মেডিসিন চিকিৎসকরা আধুনিক স্বাস্থ্যসেবার মূল ভরসা হয়ে উঠেছেন।
অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “ইন্টারনাল মেডিসিন চিকিৎসা পদ্ধতির মেরুদণ্ড। একজন ভালো চিকিৎসক হতে হলে এই শাখায় গভীর জ্ঞান থাকা জরুরি। রংপুর মেডিকেল কলেজে এই ধরনের বৈজ্ঞানিক আলোচনা ভবিষ্যতের চিকিৎসকদের অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, “বর্তমানে আমাদের দেশে রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু দক্ষ ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের ঘাটতি এখনো রয়ে গেছে। মেডিকেল শিক্ষার্থীদের এই শাখায় বিশেষায়িত হওয়ার জন্য উৎসাহিত করা প্রয়োজন।”
মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মো. মোস্তফা আলম বনি চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন বিষয়ের গুরুত্ব উল্লেখ করে বলেন, “যেকোনো রোগের পরামর্শের জন্য প্রথম ও শেষ প্ল্যাটফর্ম হিসেবে একজন মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। কারণ একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর সার্বিক পর্যালোচনা করে সমন্বিত চিকিৎসা এবং পরবর্তী ধাপের যথাযথ পরামর্শ দিয়ে থাকেন।”
সভাপতির বক্তব্যে ডা. মো. মোখলেসুর রহমান সরকার বলেন, “ইন্টারনাল মেডিসিন এমন এক বিজ্ঞান যা চিকিৎসককে শুধু রোগ নয়, মানুষকে জানার শিক্ষা দেয়। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্ঞান ও নৈতিকতায় সজ্জিত হয়ে জনগণের সেবা করুক।”
সেমিনারে বক্তারা চিকিৎসা শিক্ষায় ইন্টারনাল মেডিসিনের আধুনিক গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং রোগীর প্রতি মানবিক আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা মনে করেন, চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তির অগ্রগতি যতই হোক না কেন, রোগীর প্রতি সহানুভূতিশীল মনোভাবই চিকিৎসা পেশার মূল শক্তি।
অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা, কেক কাটা, র্যালি এবং ইন্টারনাল মেডিসিন সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার প্রদর্শনেরও আয়োজন করা হয়।
পুরো অনুষ্ঠানের বৈজ্ঞানিক সহযোগী হিসেবে অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেমিনার শেষে বক্তারা ইন্টারনাল মেডিসিন চিকিৎসকদের গবেষণাভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।