


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের বৈরাগী বাজার সংলগ্ন বটতলায় ‘রিয়াল জৈব সার কারখানা’র উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কারখানার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত নেতা আঃ বাতেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ জব্বার। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।
রিয়াল জৈব সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান জানান,এই কারখানায় স্থানীয়ভাবে সংগৃহীত জৈব উপকরণ যেমন গবাদিপশুর বর্জ্য, পচা ফসল ও কম্পোস্ট উপাদান ব্যবহার করে সম্পূর্ণ পরিবেশবান্ধব সার উৎপাদন করা হবে। আমাদের লক্ষ্য কৃষকদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী জৈব সার সরবরাহ করা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা বলেন, এই উদ্যোগের ফলে তারা সহজেই জৈব সার সংগ্রহ করতে পারবেন, যা জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হবে।
উপজেলা কৃষি কর্মকর্তার মতে, জৈব সার ব্যবহারে মাটির প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমে আসে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।