


ফুটবল বিশ্বের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছেন- আগামী বছরের বিশ্বকাপই হবে তার শেষ আসর। দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে, অবসরের প্রস্তুতি নিচ্ছেন এই পর্তুগিজ তারকা।
৪০ বছর বয়সী রোনালদো মঙ্গলবার সৌদি আরবে এক ফোরামে ভিডিও বার্তায় বলেন, “হ্যাঁ, নিশ্চিতভাবে ২০২৬ বিশ্বকাপই আমার শেষ হবে। তখন আমার বয়স হবে ৪১, সেটাই মনে হয় সঠিক সময়।”
রোনালদো আরও জানান, তিনি আরও এক বা দুই বছরের মধ্যেই ফুটবলকে বিদায় জানাবেন। তার ভাষায়, “আমি যখন বলেছিলাম ‘শিগগিরই অবসর নেব’, তখন সেটার মানে ছিল এক বা দুই বছরের মধ্যেই খেলা ছাড়ব।”
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার সামনে এখন লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ আসরে খেলা। ২০২৬ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এখনও পর্যন্ত পর্তুগাল দল মূল পর্বে জায়গা পায়নি, তবে বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই টিকিট নিশ্চিত হবে।
রোনালদো ২০২২ সালের শেষ দিকে দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল নাসর দলে যোগ দেন। তার এই পদক্ষেপের পর থেকেই সৌদি লিগে নামী তারকাদের ঢল নামে। সৌদি আরব বর্তমানে বিনোদন ও খেলাধুলায় ব্যাপক বিনিয়োগ করছে, অর্থনীতির বৈচিত্র্য আনার পরিকল্পনার অংশ হিসেবে। দেশটি গত বছর ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও পেয়েছে।
রোনালদোর ঝুলিতে এখন পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে ৯৫০টিরও বেশি গোল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফরোয়ার্ডদের তালিকায় তিনি যে নাম্বার ওয়ানদের একজন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
চল্লিশের কোঠায় পৌঁছে গেলেও এখনো প্রতিটি ম্যাচে অদম্য পেশাদারিত্ব ও অনুপ্রেরণা ছড়াচ্ছেন রোনালদো। ২০২৬ বিশ্বকাপ দিয়ে হয়তো শেষবারের মতো বিশ্ব মঞ্চে দেখা যাবে তাকে। আর সেদিনের পর হয়তো এক যুগের অবসান ঘটবে ফুটবলের ইতিহাসে।