


কুড়িগ্রামের রৌমারীতে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ দেওয়া কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের আহত হয়েছেন আটজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এতে দু’জনের অবস্থার আশঙ্কা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ড করেন চিকিৎসক। বৃহস্পতিবার দুপুরের উপজেলার সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামের আবুল হাশেম (৫৫), মজনু (৩৫), সামছুল হুদা (৫০), আশুরা (৪০), তাহমিনা (৩০), আ.ছবুর (৪০), আনারুল হক (২৩) ও রাজা মিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে জমাজমি নিয়ে মান্না গং ও ইব্রাহিম গংয়ের বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা রয়েছে তিন একর ৮৪ শতক জমির। এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষের কেউ ওই জমিতে চাষাবাদ বা ব্যবহার করতে পারবে না বলে নিষেধজ্ঞা রয়েছে।
তা থাকা শর্তেও জোর করে ট্রাক্টর দিয়ে ওই জমিতে হাল চাষ করতে শুরু করেন মান্না গংয়ের লোকজন। এতে তাদের বাধা দেন ইব্রাহিম গংরা। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ। এ সময় আহত হন উভয়পক্ষের আটজন। তাদের মধ্যে মান্না গংয়ের আবুল হাশেম ও আব্দুর ছবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এ ঘটনায় দু’পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।