


দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধি সহায়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেরামত আলী, স্থানীয় গণমাধ্যম কর্মী ও কৃষকরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উপজেলার ১৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো উফশী আবাদের জন্য সার ও বীজ এবং হাইব্রিড ধান আবাদের জন্য বিনামূল্যে বীজ বিতরণ করা হবে।