
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো: জুনাইদুল ইসলাম আদিল। কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. জুনাইদুল ইসলাম আদিল আজ সন্ধ্যা ৬ টায় একটি ক্ষুদে বার্তা পাঠিয়ে জানান, আমাদের দলের চেয়ারপারসন, আপসহীন নেত্রী, গণতন্ত্রের অবিচল প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই—এই খবরটি আমার জীবনে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত।
মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে হঠাৎ করেই বিএনপি মিডিয়া সেলের একটি পোস্ট চোখে পড়ে। মুহূর্তেই আমি হতবাক হয়ে যাই, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। ঘুম ভাঙার পরপরই এমন শোক সংবাদ—মানসিকভাবে নিজেকে সামলানো ছিল অত্যন্ত কঠিন।
দীর্ঘ সময় ধরে নানা নির্যাতন, জুলুম ও সংগ্রামের মধ্য দিয়ে যিনি গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে গেছেন, সেই নেত্রী আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে দল ও আমাদের প্রিয় নেত্রীর কাছে চিরঋণী। আল্লাহ তায়ালা যেন আমার প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তিনি আরও জানান, অত্যন্ত কষ্টের বিষয় হলো—একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার নিজ এলাকা থেকে বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ভাইকে বিজয়ী হিসেবে উপহার দিয়ে যেতে না দেখেই তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেন।
বিএনপি নেত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপিসহ সঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন।
Related