


হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি দরিদ্র রোগী, ভ্যান ও রিকশাচালক, পথচারীসহ অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের খোঁজ নিতে তিনি হাসপাতালের ওয়ার্ড, মাদ্রাসা ও সড়কের পাশে অবস্থানরত ভাসমান মানুষ এবং শ্রমজীবী মানুষের কাছে ছুটে যান। নিজে উপস্থিত থেকে শীতার্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।
নাজমুল হুদা বলেন, “প্রকৃত দরিদ্র শীতার্তদের হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে ইউএনও স্যারের নেতৃত্বে আমরা রাতে প্রত্যন্ত এলাকায় কম্বল বিতরণ করছি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে পাওয়া শীতবস্ত্র বিতরণ উপজেলার ৯ ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে করা হয়েছে।”
এ সময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। উপজেলা নির্বাহী অফিসার বলেন- শীতে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীত চলাকালে উপজেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।” স্থানীয়রা ইউএনও’র এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।