


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের আমীর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন তারা ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও স্বীকার করেছেন যে জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়। এমনকি জামায়াতের জোটভুক্ত কর্নেল আলিও বলেছেন, জামায়াত শরিয়াহ আইনে দেশ পরিচালনার পক্ষে নয়। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগ বারবার দাবি করেছে দেশে কোনো জঙ্গি নেই।
অথচ জামায়াতের নায়েবে আমীর আবু তাহের যুক্তরাষ্ট্রের দূতাবাসে বসে দেশে জঙ্গি রয়েছে এমন প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন। চরমোনাই পীর বলেন, জামায়াতের আমীর ছেলে-মেয়ে বন্ধুদের নিয়ে বক্তব্য দেন এবং বে-পর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন। এসব কর্মকাণ্ড ইসলামের পরিপন্থী। ইসলামের নামে তারা ধোঁকাবাজি করছে। তাদের মাধ্যমে কখনো দেশে ইসলাম কায়েম হবে না।
তিনি বলেন, জামায়াত ও বিএনপি উভয়েই স্বীকার করেছে তারা শরিয়াহ আইনে দেশ পরিচালনা করবে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফজলুল করীম শাহরিয়ার। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।