


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ‘বামনডাঙ্গা বিল’ পরিদর্শন করেছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও যুগ্মসচিব মো. আশরাফুল ইসলাম। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তিনি এই বিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সুন্দরগঞ্জ মৎস্য সমবায় সমিতি লিমিটেডের সদস্য, সরোবর মৎস্য খামারের প্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ এবং অন্যান্য মৎস্য সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিলের পাড়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, জলমহাল ইজারার বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে ৩টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র একটি। কেন অধিকসংখ্যক দরপত্র জমা পড়েনি, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন, সরোবর মৎস্য খামারের বর্তমান মেয়াদ আগামী ৩০ চৈত্র শেষ হবে।
তাই নির্ধারিত সময়ের মধ্যে জলাশয়ে থাকা মাছ উত্তোলনসহ বিভিন্ন উপকরণ অপসারণ করতে হবে। ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক উপস্থিত ছিলেন।