সোমবার সন্ধ্যায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়ার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। অভিযানের সময় কয়েকজনকে আটক করা হলে তাঁদের স্বজনেরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আটক ব্যক্তিদের মধ্য থেকে তিনজনকে ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, চন্দিয়া গ্রামের নয়াপাড়া এলাকার মৃত আইজুদ্দিনের ছেলে জিল্লুর হাওলাদার (৫৫), রাজু মিয়ার ছেলে সাগর রহমান (৩৩), সোলেমান মিয়ার ছেলে মনিরুল মিয়া (২৫), জলিল মিয়ার ছেলে জসিম মিয়া (২৭), মাহাবুর আলালের ছেলে লেবু মিয়া (৩৪), দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত মফাজুলের ছেলে ছালাম মিয়া (৪৭) এবং চন্দিয়া বাথিয়াপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩৩)।
ছিনিয়ে নেওয়া তিন ব্যক্তি হলেন, চন্দিয়ার নয়াবাড়ি গ্রামের আফসারের ছেলে ছানোয়ার (৪০), ইয়াদুল (৩০) এবং আজগর আলীর ছেলে মজনু (৪০)।
ফুলছড়ি থানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে। তবে পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। অভিযানকালে ছয়টি মোবাইল ফোন ও ২৬ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানান তিনি এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।