


মাদক সেবন ও বিক্রির সিন্ডিকেট বন্ধ এবং সমাজকে মাদকমুক্ত করার দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে সচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‘আসুন সবাই শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ফুলছড়ির সচেতন এলাকাবাসী উদ্যোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালিটি বের হয়। পরে এটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও তরুণদের উপস্থিতি ছিল।
জাতীয় নাগরিক পার্টির ফুলছড়ি উপজেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান জীবনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন, মানিককোড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাফাত আলামিন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, স্থানীয় বিএনপি নেতা শামসুজ্জোহা লুডু, উদাখালী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা ও ছাত্রনেতা খোরশেদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পথসভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার তরুণ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা ফুলছড়িকে মাদকমুক্ত করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দেন।
এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।