


কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল ব্যাগে গাঁজা বহনের সময় শিক্ষার্থীসহ গাঁজার মালিক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে। ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, মাদক কারবারি সুলতান মিয়া ৬ষ্ঠ শ্রেণী এক শিক্ষার্থীকে দিয়ে অভিনব পদ্ধতিতে প্রশাসককে ফাঁকি দিয়ে সাইকেলে করে স্কুল ব্যাগ কাঁধে করে গাঁজা বহনকালে ফুলবাড়ী ধরলা ব্রিজ চেক পোস্টে কোমলমতি শিক্ষার্থীকে আটক করা হয়।
পরে আটক শিশুর দেয়া তথ্যের ভিত্তিতে শিশুর খালু সুলতান মিয়াকে রবিবার সন্ধ্যায় বাড়িতে অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসা হয়। এরআগে বরিবার বিকালে ফুলবাড়ী উপজেলার ধরলা ব্রিজ পুলিশের চেকপোস্টে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা স্কুল ব্যাগে পাওয়া যায়। এ সময় একটি বাইসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। আটকরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মাদক কারবারি সুলতান মিয়া (৬৫) ও একই এলাকার ইউনিয়নের জহুরুল হকের ছেলে এবং ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলিব মিয়া (১২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু শিক্ষার্থীসহ গাঁজার মালিককের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক কারবারি সুলতান ওই শিশু শিক্ষার্থীকে দিয়ে একাধিক বার গাঁজা পরিবহনের কাজ করিয়েছেন।