মৃত যুবকের নাম জয় ইসলাম ওরফে জলিল (২৭)। তিনি ওই এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে হাবলু হাট বাজার থেকে বাড়িতে ফিরে খাবার খেয়ে পাশের একটি ছোট বাজারে যান জয় ইসলাম। পরে বাসায় ফিরে নিজ কক্ষে ঘুমাতে যান। তবে গভীর রাতে তার বাবা ঘুম থেকে জেগে দেখেন ঘরের দরজা খোলা, কিন্তু জয় ইসলাম নেই।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে তার চাচাতো ভাই আইনুল ও প্রতিবেশী বেলাল বাড়ির পাশের একটি ভুট্টা খেতের আইলে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ চলছে এবং এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।