


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে অ্যাডভোকেসি ক্যাম্পেইন। রবিবার দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠন এ ক্যাম্পেইন বাস্তবায়ন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলদলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব ও প্রকল্পের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল ইসলাম, ছাইফুল ইসলাম, নুর আমিন, নুরুজ্জামান, নজরুল ইসলাম, শাহজালাল, হোসনে আরা বেগম, ফিরোজা বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা। এছাড়া এনজিও কর্মী সুচিত্রা রাণী, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, হিসাবরক্ষক আল ইমরান, সদস্য ফখরুল ইসলাম, তারেকুর রহমান, রিয়াজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, মেরু অঞ্চলের বরফ গলন এবং ঘন ঘন চরম আবহাওয়ার ঘটনা পরিবেশ ও মানুষের জীবন-জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।