1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে বাবার সঙ্গে গাঁজা কিনতে ভাইসহ কিশোরী আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বাবার সঙ্গে গাঁজা কিনতে ভাইসহ কিশোরী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

বগুড়া থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা আনতে এসে এক কিশোরী ও তার খালাতো ভাই পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর আটক কিশোরীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে ঘটনার পর আটক কিশোরীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই অপ্রাপ্তবয়স্কদের মাদক পরিবহনে ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধের প্রশ্ন তুলেছেন।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এসআই ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার আছিয়ার বাজার মোড়ে অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ এক কিশোরী ও তার খালাতো ভাইকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, একই অটোরিকশায় থাকা এক ব্যক্তির কাছে আটক দুজনের পরিচয় জানতে চাইলে তিনি তাদের চিনেন না বলে দাবি করেন। পরে থানায় জিজ্ঞাসাবাদের সময় আটক কিশোরী জানায়, ওই ব্যক্তি তার বাবা। তবে ঘটনাস্থলে তিনি নিজের পরিচয় গোপন করেন বলে পুলিশ জানিয়েছে।

আটক কিশোরীর নাম নাদিরা খাতুন (১৪)। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইড় গ্রামের সুজন প্রামানিকের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অপরদিকে আটক যুবক মো. পায়েল মিয়া (২২), বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। তাদের মধ্যে খালাতো ভাই-বোনের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। থানায় জিজ্ঞাসাবাদের সময় কিশোরী দাবি করে, তার বাবা প্রথমবারের মতো তাকে এ কাজে নিয়ে এসেছেন। এর আগে সে কখনও ফুলবাড়ীতে আসেনি।

সে আরও জানায়, তাদের পরিবার অত্যন্ত দরিদ্র এবং তার বাবা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তার ধারণা। মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন রায় একমত পোষণ করে জানান, “সংসারে অভাব-অনটন থাকতেই পারে, কিন্তু সেই অজুহাতে নিজের ছেলে-মেয়েকে মাদকের মতো ধ্বংসাত্মক পথে ঠেলে দেওয়া কেবল অনৈতিকই নয়, বরং দণ্ডনীয় অপরাধ। তারা আরও জানান, একটি শিশুর বেড়ে ওঠার প্রাথমিক পাঠশালা হলো তার পরিবার।

যে বয়সে সন্তানদের হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সে তাদের হাতে মাদকের সরঞ্জাম তুলে দেওয়া মানেই তাদের মূল্যবোধের অবক্ষয় ও উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। দারিদ্র্যের কষাঘাত থাকলেও সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকের। মাদকের ভয়াবহ থাবা থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজকে এখনই সচেতন ও দায়িত্বশীল হওয়া খুবই জরুরি বলে জানান দুই প্রধান শিক্ষক। আটকে নেতৃত্ব দেয়া এসআই ইয়াছিন আলী বলেন, আটক দুজনের কাছ থেকে স্কুলব্যাগে রাখা ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। ঘটনাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, অটোরিকশায় উপস্থিত থাকা ব্যক্তি প্রথমে আটক দুজনকে চিনতে অস্বীকার করেন। পরে থানায় জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, তিনি তার বাবা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর বয়স ১৪ বছর হওয়ায় তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে (শিশু সংশোধনাগার) পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হবে। অপরদিকে আটক যুবককে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )