1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে ব্র্যাকের বিশেষ কর্মসূচি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ব্র্যাকের বিশেষ কর্মসূচি

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

দেশের খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান ব্যয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রান্তিক কৃষকদের সহায়তায় দেশব্যাপী ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক। এর আওতায় কুড়িগ্রাম জেলায় কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, নারী ক্ষমতায়ন ও শিক্ষা খাতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে জেলার সহস্রাধি কৃষক, কৃষি উদ্যোক্তা ও শিক্ষার্থী সরাসরি উপকৃত হবেন। গতকাল বৃহস্পতিবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষুদ্র কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং তাদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিগত সহায়তা, উচ্চমানের কৃষি উপকরণ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মসূচির আওতায় কুড়িগ্রামের স্থানীয় কৃষকদের কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতা নিশ্চিত করতে একটি পাওয়ার টিলার ও একটি মাড়াই যন্ত্র বিতরণ করা হবে। পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনায় উৎসাহ দিতে ৯টি ভার্মি কম্পোস্ট ইউনিট এবং সেচ খরচ কমাতে ৪০ জন কৃষককে মোট ৮০টি পানি সাশ্রয়ী প্রযুক্তি (এডব্লিউডি) সরবরাহ করা হবে। এছাড়া কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে একটি আলু ও পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করা হবে। প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়নে ৪৬ জন মৎস্যচাষীকে জনপ্রতি ২ হাজার ৫০০টি করে মোট ১ লাখ ১৫ হাজার মনোসেক্স তেলাপিয়ার পোনা বিতরণ করা হবে। একই সঙ্গে ২১০ জন ক্ষুদ্র চাষিকে প্রত্যেককে ২০টি করে মোট ৪ হাজার ২০০টি হাঁস-মুরগির বাচ্চা এবং ১১ হাজার গাছের চারা দেওয়া হবে। পাশাপাশি গবাদিপশুর রোগবালাই দমনে ১০০ জন চাষির গবাদিপশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। নারী ক্ষমতায়নের অংশ হিসেবে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ উদ্যোগের আওতায় কুড়িগ্রামের ১৩৬ জন সুবিধাবঞ্চিত তরুণীকে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়া হবে।

পাশাপাশি ৬ হাজার টাকার মধ্যে ২০টি করে হাঁস অথবা মুরগি এবং প্রয়োজনীয় ইনপুট সহায়তা দেওয়া হবে। এছাড়া দুইজন কিশোরীকে ১২ হাজার টাকার মধ্যে সেলাই মেশিন প্রদান করা হবে। শিক্ষা সহায়তার অংশ হিসেবে জেলার ৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৭ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে এবং বিতরণ কার্যক্রম চলতি মাসের মধ্যেই সম্পন্ন হবে। এরই মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের উপস্থিতিতে একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান বলেন, কুড়িগ্রামের কৃষিজীবী পরিবারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে শুধু ঋণ নয়, বরং আধুনিক কৃষি প্রযুক্তিতে সরাসরি বিনিয়োগ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি উপকরণ পৌঁছে দিতে ব্রাক বদ্ধপরিকর। তিনি আরো জানান, কৃষকদের জমির উর্বরতা রক্ষা, জৈব বালাইনাশকের ব্যবহার এবং উন্নত জাতের ধান চাষাবাদের ওপর মাঠপর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কর্মসূচি কুড়িগ্রামের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মাইলফলক হিসেবে কাজ করবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )