


কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আবাদে উৎসাহিত করতে কুড়িগ্রাম সদর উপজেলায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উপজেলার ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচিত কৃষকদের মাঝে হাইব্রিড মরিচের বীজ বিতরণ করা হয়, যাতে তারা লাভজনক সবজি চাষে উৎসাহিত হন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, সরকার কৃষিকে লাভজনক ও টেকসই করতে নিয়মিতভাবে কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। এসব সহায়তা কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে কৃষকদের অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন বলেন, প্রণোদনার মূল লক্ষ্য হলো কৃষকদের উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক কারিগরি সহায়তা প্রদান করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহীন মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপু রায়সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক। প্রণোদনা পেয়ে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জানান, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় চাষাবাদের খরচ কমবে এবং অধিক জমিতে আমন ও মরিচের আবাদ করা যাবে।কৃষি বিভাগের এমন উদ্যোগ অব্যাহত থাকলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।