1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই, নিঃস্ব প্রবাসী পরিবার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই, নিঃস্ব প্রবাসী পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আধাপাকা চারটি বিল্ডিংঘর, নগদ অর্থ, স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও আসবাবপত্রসহ একটি পরিবারের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বুধবার (৯ জুলাই) শেষ বিকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আমতলা বাজারের দক্ষিণ পাশে কপুরটারী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওমান প্রবাসী তাজুল ইসলামের বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ঘরের ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়লে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তীব্র তাপ ও আগুনের ব্যাপকতার কারণে তারা কাছে যেতে পারেননি।
খবর পেয়ে দ্রুত ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে বাড়ির চারটি আধাপাকা বিল্ডিংঘরসহ নগদ প্রায় চার লাখ টাকা, স্বর্ণালংকার, রুপার সামগ্রী, আসবাবপত্র, ধান, চাল ও ভুট্টাসহ পরিবারের মূল্যবান সব সম্পদ আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনের ভয়াবহতায় তারা ঘর থেকে কোনো কিছুই উদ্ধার করতে পারেননি। ফলে পরিবারটি এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনজুর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ দৌল্লা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )