দণ্ডপ্রাপ্তরা হলেন—সামরুল ইসলাম (৩৫), পিতা—নসিমউদ্দিন, মিলরোড লেবারলাইন পাড়া; নিতাই রায় (২৯), পিতা—সুশেন রায়, মিলরোড এবং রবিউল ইসলাম (৩২), পিতা—মফিজুর রহমান, দক্ষিণ মুশিদাহাট। তাদের সবার বাড়ি বোচাগঞ্জ, দিনাজপুরে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ হাসান স্বাক্ষরিত পৃথক কারাদণ্ডের পরোয়ানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরোয়ানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে সামরুল ইসলাম ও নিতাই রায়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং রবিউল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশের পর তাদের কারাগারে পাঠানোর জন্য পৃথক পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, “ট্যাপেন্টাডলসহ মাদকের অপব্যবহার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলছে। মাদক সেবন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”