


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, চিকিৎসক পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সঙ্গে মানবিক ও অমায়িক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এমবিবিএস ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসকের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহীর স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তিনি জানান, রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং চীন সরকারের সহযোগিতায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি ১২ তলা হাসপাতাল ভবনের অসমাপ্ত কাজ শেষ করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে। নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার নামে নেওয়া শপথ যেন কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতিফলন ঘটায়।
অসহায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখে রাজশাহী মেডিকেল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক সমিতির সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. মনোয়ার তাবিথ, ট্রেজারার মো. জামান মিঞা, সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান বাবলু, মেডিসিন বিভাগের প্রধান ডা. হাসান তারিক, গাইনি বিভাগের প্রধান ডা. নার্গিস জাহান ছন্দাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নবীন চিকিৎসক, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে এমবিবিএস ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ গ্রহণ করেন।