


বার্সেলোনা ছাড়ার খুব কাছাকাছি ফেরান তোরেস। দল বদলাতে দুইবারের বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে একটি ব্যক্তিগত চুক্তিতে পৌঁছে গেছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। দলবদলের খবরের জন্য প্রখ্যাত সাংবাদিক স্কাই ডশচেল্যান্ড-এর ফ্লোরিয়ান প্লেটেনবার্গ এই খবর দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছে গেছেন ফেরান তোরেস। বেশ কয়েকদিন ধরেই এই পরিকল্পনা ছিল। পিএসজি ও বার্সেলোনা একে অপরের সঙ্গে কথা বলা শুরু করেছে।’ গত সপ্তাহে ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ মাত্তেও মোরেত্তো জানান, স্পেনের বিশ্বকাপ জেতা ফাইনালের গোলদাতা পিএসজিতে যাওয়ার চেষ্টা করছেন। বার্সেলোনাও তাকে রেখে দিতে জোরাজুরি করছে না। এজন্যই দলবদলটি বেশ সহজ হয়ে উঠছে।
হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনায় গত মৌসুমে তোরেস আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রবার্ট লেভানডোভস্কির জায়গায় অন্যতম স্ট্রাইকার হিসেবে খেলেছেন। ২৩ লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি এবং বার্সার টানা দ্বিতীয় লা লিগা জয়ের পথে গোল করেছেন ১৬টি।
কাতালানদের হয়ে তোরেস ২০৭ ম্যাচ খেলে ৬৫ গোল ও ২৩ অ্যাসিস্ট করেছেন। ২০২২ সালে তাকে ম্যানসিটি থেকে সাড়ে ৫ কোটি ইউরো ফি দিয়ে কিনে নেয় বার্সা। তার আগে ভ্যালেন্সিয়াতে ছিলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার গোলেই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারায় স্পেন।