২১ সেপ্টেম্বর (সোমবার) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর গংগাচড়া এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: জেসমিন আক্তার।
গংগাচড়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এবং স্পনসরশীপ ও চাইল্ড প্রোটেক্টশন অফিসার এ্যাপলো দাস এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া কো অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস, গংগাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো: আরিফ মাহফুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার এবং উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজামান।
উপজেলার ৯টি ইউনিয়নের ১৩৫ জন শিশু ও যুব প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে যুব ফোরামের সভাপতি নাজিরুল ইসলাম এবং শিশু ফোরামের সভাপতি রবিউল ইসলামের উপস্থাপনায় বিগত বছরের কার্যক্রম, অর্জিত সাফল্য, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সাথে শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল হতে শিশু ঝরে পড়া প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতে শিশু ও যুবদের প্রশংসনীয় ভূমিকার চিত্র তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা: জেসমিন আক্তার বলেন, “শিশুদের অধিকার রক্ষা ও সুনাগরিক হিসেবে তাদের গড়ে তুলতে এই ফোরামের কার্যক্রম প্রশংসনীয়। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ একটি সমৃদ্ধ ও শিশুবান্ধব সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সমাজ উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য শিশু ও যুব প্রতিনিধিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অংশগ্রহণকারী প্রতিনিধিরা ভবিষ্যতে শিশু নির্যাতন মুক্ত সমাজ গঠনে আরও দৃঢ়তার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে শিশু ও যুবদের নেতৃত্ব বিকাশ, সক্ষমতা বৃদ্ধি এবং একটি সুন্দর শিশুবান্ধব ভবিষ্যৎ তৈরিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে আয়োজক ও অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।