


কুড়িগ্রামের উলিপুরে একটি কিটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৪১৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার থেতরাই বাজারেন ভাই-ভাই ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রওশন আলী পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থেতরাই বাজারে খুচরা কিটনাশক ব্যবসায়ী ভাই-ভাই ট্রেডার্সের সামনে ট্রাকভর্তি টিএসপি (বাংলা) সার দেখে উপজেলা কৃষি কর্মকর্তাকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানের মালিক রওশন আলীর কাছে জানতে চাইলে দোকান মালিক কোনো সদুত্তর কিংবা সার ক্রয়ের ভাউচার দেখাতে পারেননি।
পরে দোকানের ভেতরে আরো ১৩৫ বস্তা টিএসপি সার পাওয়া যায়। খবর পেয়ে ট্রাকে লোডকৃত ২৮৩ বস্তাসহ মোট ৪৮৫ বস্তা বাংলা নকল সার মনে হওয়ায় ভ্রাম্যমাণ আদালতকে বিষয়টি অবগত করেন তিনি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই সারগুলো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, এ উপজেলায় ১৪ জন সরকারি ডিলার রয়েছেন। তাদেরকে গত বছরের সেপ্টেম্বর মাসে মাত্র ১৯ বস্তা করে টিএসপি (কমপ্লেক্স)দেওয়া হয়েছে। এর বাহিরে শুধু একজন দোকানদারের কাছে এতগুলো সার কিভাবে আসলো? বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাতে গেলে সেখানে ৪১৮ বস্তা টিএসপি সার পাওয়া যায়। জব্দকৃত সারের নমূনা টেস্টের জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও কাজী মাহমুদুর রহমান বলেন, টিএসপি লেখা সম্বলিত ৪১৮ বস্তা টিএসপি সার জব্দ করে উপজেলা কৃষি গুদাম ঘরে রাখা হয়েছে। তবে দোকানের মালিককে পাওয়া যায়নি। সারের নমূনা রিপোর্ট হাতে পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।