
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে পঞ্চগড়ে গ্রাম পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জেলা পরিষদের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন ।
পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। কর্মশালায় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস এম শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলা প্রশাসনের রিভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ইমরানুজ্জামান গ্রাম পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় বক্তারা গ্রাম পুলিশের সদস্যদের জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পরামর্শ প্রদান করেন। একই সাথে দেশের আইনশৃংখলা বিষয়ে সজাগ থাকা। কোন দুষ্ট চক্র যাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখা এবং আইনশৃংখলা বাহিনী সহ যথাযথ কর্তৃপক্ষকে জানানো। দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য সব সময় নজরদারি করার আহ্বান জানান।
কর্মশালায় গ্রাম পুলিশের কয়েকজন সদস্য বেতন ভাতা বৃদ্ধি, পোশাক, বুট, লাইট জ্যাকেট সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান সহ বেশকয়েকটি দাবি তুলে ধরেন। পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। কর্মশালায় জেলার ৪৩টি ইউনিয়নের গ্রাম পুলিশ, দফাদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Related