
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নএবং নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে জব্দকৃত ২ কোটি ১ লক্ষ ১১ হাজার ৮৫০ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংসকরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বুলডোজার দিয়ে মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, র্যাব-১৩, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, নীলফামারী এবং পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয় এবং নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য “জিরো টলারেন্স” নীতি নিশ্চিতকল্পে বিজিবি বদ্ধপরিকর। বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন ২০২২ সালের ১ জুলাই ২০২২ থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এবং নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন গত ২০১৫ সালের ২০ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই কোটি এক লক্ষ ১১ হাজার ৮৫০ টাকা।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪ হাজার ৯৯০ বোতল ফেন্সিডিল, ৪ হাজার ১৯৮ বোতল মদ, ২৭০ বোতল/ক্যান বিয়ার, ১ কেজি ১১২ গ্রাম হেরোইন, ১ কেজি ৬১ গ্রাম কোকেন, ১৩০ কেজি ৪৩২ গ্রাম গাঁজা, ৭৪১ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৪৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩ হাজা৷ ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ১১২ পিস নিষিদ্ধ ট্যাবলেট, এক পিস নিষিদ্ধ ঔষধ এবং নয় প্যাকেট ভারতীয় বিড়ি।
Related