


কুড়িগ্রামের রৌমারীতে ২০১৮ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কার এমপি প্রার্থীর নির্বাচনী কর্মীদের ওপর হামলা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কথিত বড় ভাই সুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তমারী বাজার এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুরুজ্জামান উপজেলা আওয়ামী আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ২০১৮ সালের ২০ ডিসেম্বর দুপুর ২টার দিকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কার এমপি প্রার্থী আলহাজ¦ মো. আজিজুর রহমানের নির্বাচনী কর্মীদের সঙ্গে প্রচারণা চলাকালে জয় বাংলা স্লোগান দিয়ে লাঠি, লোহার রড ও দেশিয় অস্ত্রসহ হামলা চালায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ৫টি মোটরসাইকেল ভাংচুর, একটি মোবাইল সেট, ৫৫ হাজার টাকা ও দু’টি হ্যান্ড মাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। ওইদিন উপজেলার সদর ইউনিয়নের সুতিরপাড় ও বেহুলার চরের মাঝামাঝি খালের সাঁকোর কাছে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৮ জানুয়ারি রাতে ৩০ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনের অজ্ঞাত নামে একটি মামলা করেন রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই এলাকার জসিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।
এছাড়াও বেপরোয়া এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করে চাকরি খাওয়ার হুমকি প্রদান, নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে টাকা গ্রহণ, অবৈধ ড্রেজার উচ্ছেদে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলাসহ মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।