
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের আশরাফ মোড় এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা ছিলেন পরস্পরের বন্ধু।
শুক্রবার (২০ জুন) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেরাজুল হোসেন (২৫), পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার আলিউল হোসেনের ছেলে, এবং অনিক মিয়া (২৬), একই এলাকার একরামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, মেরাজুল ও অনিক চার বন্ধু মিলে মোটরসাইকেলে করে বড়খাতার বড় মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাউরা বাজারের আশরাফ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related