1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বুড়িমারী স্থলবন্দরে এসাইকুডা সফটওয়্যারের জটিলতায় আমদানি কার্যক্রম স্থবির | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে এসাইকুডা সফটওয়্যারের জটিলতায় আমদানি কার্যক্রম স্থবির

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে ‘এসাইকুডা’ (স্বয়ংক্রিয় কাস্টমস তথ্য ব্যবস্থাপনা) সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে আমদানি কার্যক্রমে দেখা দিয়েছে দীর্ঘ স্থবিরতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক ও চালকরা।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সরেজমিনে দেখা যায়, রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের টেবিলে জমে আছে ফাইলের স্তূপ। পাশে অপেক্ষমাণ সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পণ্য ছাড়করণ করতে পারছেন না।
ব্যবসায়ীরা জানায়, গত দুইদিন ধরে কাস্টমস সার্ভার সিস্টেমে ত্রুটির ফলে ভারত ও ভুটান থেকে আসা পণ্যের শুল্কায়ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। এর ফলে বন্দর ইয়ার্ডে ও শূন্যরেখা থেকে প্রবেশ পথে শত শত ট্রাক আটকে রয়েছে। সময়মতো পণ্য খালাস করতে না পারায় রাজস্ব আদায়েও ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, এসাইকুডা সফটওয়্যারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ঘোষণা, শুল্ক, ভ্যাট, এআইটি হিসাবসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়। ব্যাংক ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগও এই সফটওয়্যার নির্ভর। তবে সার্ভারের ধীরগতির কারণে গত দুইদিন ধরে কর্মকর্তারা কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, “সার্ভার সমস্যার কারণে আমাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তবে শুনেছি কাস্টমস কর্তৃপক্ষ সমাধানে কাজ করছেন।”
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন সন্ধ্যা সাড়ে ৬ টায় জানান, “কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, তবে এখন সমস্যাটি সমাধান করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )