
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ধরলা নদী থেকে ভেসে এসেছে ৭ বছরের এক ভারতীয় শিশুর মরদেহ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন নদী থেকে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পাটগ্রাম উপজেলার গুড়িয়াটারী গ্রামের কাছে নদীতে ভেসে থাকা লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শিশুটি ভারতের ভেতরে নদীতে পড়ে গিয়ে পানির স্রোতে ভেসে বাংলাদেশে চলে আসে।
নিহতের নাম শঙ্খদীপ ঘোষ (৭)। সে ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা বিশ্বদ্বীপ ঘোষ ওরফে বাবুয়া। পরিবারের অভিযোগ, সোমবার সকাল থেকেই শঙ্খদীপ নিখোঁজ ছিল। এ ঘটনায় স্থানীয় থানায় শিশুটির বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, “শিশুর লাশ উদ্ধারের পর ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা মরদেহ শনাক্ত করার পর পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
Related