
রংপুরের পীরগাছায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ শাকিল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাকিল উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানি মনিরাম এলাকার আলম মিয়ার ছেলে। তাঁর কাছ থেকে আংশিক প্রিন্ট করা এক হাজার টাকা মূল্যমানের মোট ১২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম কান্দি ইউনিয়নের দোয়ানি মনিরামপুর এলাকা থেকে পাওটানা হাটে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাকিলকে ধরা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে জাল নোটগুলো উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতার যুবককের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জাল টাকা চক্রে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Related