


রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা সোসাইটির’ উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। পীরগাছা সদর ইউনিয়ন সোসাইটির আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নুরু-নবী বুলবুল। পৃষ্ঠপোষকতায় ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি ছিলেন রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, গণঅধিকার পরিষদের আহবায়ক জিহাদ পাটোয়ারী, ডিসকভারি স্কুলের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম, শরীফ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন। পরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় দুইশত কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।